ভোটের মাঠে ইইউর ২০০ পর্যবেক্ষক, সারা দেশে নামছেন ১৭ জানুয়ারি

ছবি : সংগৃহীত
আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণের জন্য পূর্ণাঙ্গ মিশন মোতায়েন করেছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। বাংলাদেশ সরকারের আমন্ত্রণে প্রায় ২০০ জন পর্যবেক্ষকের বিশাল এক বহর নিয়ে ভোটের মাঠে সক্রিয় থাকবে সংস্থাটি। আগামী ১৭ জানুয়ারি থেকে সারা দেশে ছড়িয়ে পড়বেন এই মিশনের সদস্যরা।
বুধবার (১৪ জানুয়ারি) প্রধান উপদেষ্টার ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। এর আগে মঙ্গলবার (১৩ জানুয়ারি) বিকেলে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী (উপদেষ্টা পদমর্যাদা) অধ্যাপক আলী রীয়াজের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে মিশনের কর্মপরিকল্পনা তুলে ধরেন ইইউ প্রতিনিধিরা।
মিশনে কারা থাকছেন?
অধ্যাপক আলী রীয়াজের সঙ্গে সাক্ষাতে ইউরোপিয়ান ইউনিয়ন ইলেকশন অবজারভেশন মিশনের পলিটিক্যাল অ্যানালিস্ট মারসেল নেগি এবং ইলেকশন অ্যানালিস্ট ভাসিল ভাসচেনকা জানান:
ইতোমধ্যে গত ২৯ ডিসেম্বর ১১ জনের মূল বিশ্লেষক দল ঢাকায় পৌঁছে কাজ শুরু করেছে।
আগামী ১৭ জানুয়ারি থেকে সারা দেশে ৫৬ জন ‘দীর্ঘমেয়াদী পর্যবেক্ষক’ (Long-term Observers) মোতায়েন করা হবে।
নির্বাচনের কিছুদিন আগে ভোটগ্রহণ, গণনা ও ফলাফল পর্যবেক্ষণ করতে আরও ৯০ জন ‘স্বল্পমেয়াদী পর্যবেক্ষক’ (Short-term Observers) যোগ দেবেন।
এছাড়া ইইউর কূটনীতিক ও অংশীদার দেশগুলো থেকেও পর্যবেক্ষকরা যুক্ত হবেন। সব মিলিয়ে এই সংখ্যা প্রায় ২০০।
রিপোর্ট কবে?
ইইউ প্রতিনিধিরা জানান, তাদের পর্যবেক্ষণ পদ্ধতি হবে সম্পূর্ণ তথ্যভিত্তিক, সামগ্রিক ও নিরপেক্ষ।
প্রাথমিক প্রতিবেদন: নির্বাচনের দুদিন পর, অর্থাৎ আগামী ১৪ ফেব্রুয়ারি ঢাকায় সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রাথমিক প্রতিবেদন প্রকাশ করা হবে।
চূড়ান্ত প্রতিবেদন: নির্বাচন শেষে বিস্তারিত চূড়ান্ত প্রতিবেদন পেশ করা হবে, যেখানে ভবিষ্যৎ নির্বাচনী ব্যবস্থার উন্নয়নের জন্য সুপারিশ থাকবে।
সরকারের আশ্বাস
সাক্ষাৎকালে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক আলী রীয়াজ ইইউ প্রতিনিধিদলকে আশ্বস্ত করে বলেন, "সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনে সরকার প্রতিশ্রুতিবদ্ধ। ইউরোপিয়ান ইউনিয়ন ইলেকশন অবজারভেশন মিশনকে সরকারের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা প্রদান করা হবে।"
এ সময় প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার উপস্থিত ছিলেন।
প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক, ঢাকা





