ঢাকা-৮ আসনে লড়বে না ইনকিলাব মঞ্চ, দলগুলোকে কড়া হুঁশিয়ারি

শহীদ শরিফ ওসমান হাদি হত্যার বিচার দাবিতে উত্তাল শাহবাগ। চলমান এই আন্দোলনের মধ্যেই নিজেদের রাজনৈতিক অবস্থান পরিষ্কার করল ‘ইনকিলাব মঞ্চ’। সংগঠনটির সদস্যসচিব আব্দুল্লাহ আল জাবের সাফ জানিয়ে দিয়েছেন, ঢাকা-৮ আসনে তাদের প্ল্যাটফর্ম থেকে কেউ নির্বাচনে অংশ নেবেন না।
সোমবার (২৯ ডিসেম্বর) বিকেলে রাজধানীর শাহবাগে টানা অবরোধ কর্মসূচি চলাকালে এক সমাবেশে তিনি এই ঘোষণা দেন। জাবের বলেন, "আমরা কোনো সিমপ্যাথি (সহানুভূতি) নিয়ে নির্বাচনে দাঁড়াতে চাই না। ইনকিলাব মঞ্চ কোনো দিন সিমপ্যাথির রাজনীতি করবে না, এটার নিশ্চয়তা দিচ্ছি।"
‘আমরা রাজনৈতিক দল নই’
নির্বাচনে অংশগ্রহণ প্রসঙ্গে জাবের স্পষ্ট করেন, "অনেকেই অনুরোধ করছেন যেন ঢাকা-৮ আসনে ইনকিলাব মঞ্চ থেকে কেউ নির্বাচন করে। কিন্তু ইনকিলাব মঞ্চ কোনো রাজনৈতিক দল নয়; এটি একটি সাংস্কৃতিক আন্দোলন ও রাজনৈতিক চাপ সৃষ্টিকারী সংগঠন। শহীদ ওসমান হাদিও ইনকিলাব মঞ্চ থেকে নয়, বরং স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করতে চেয়েছিলেন।"
তিনি আরও বলেন, "যতদিন না আমরা শহীদ হাদির মতো যোগ্যতাসম্পন্ন হয়ে উঠব, ততদিন এই আসন থেকে আমাদের কেউ প্রার্থী হবে না। ইনকিলাব মঞ্চ কোনো দিন ক্ষমতার কাছে নিজেকে বর্গা দেবে না।"
রাজনৈতিক দলগুলোর প্রতি হুঁশিয়ারি
বিএনপি, জামায়াত ও এনসিপিসহ রাজনৈতিক দলগুলোর উদ্দেশে কঠোর বার্তা দেন জাবের। তিনি বলেন, "জনগণ হাদি হত্যার বিচারের জন্য আপনাদের পাশে চায়। আপনারা যদি বিচারের জন্য সোচ্চার না হন, তবে আগামী নির্বাচনে জনগণই আপনাদের সোচ্চার করে দেবে। যারা শুধু ক্ষমতায় যাওয়ার জন্য শহীদ হাদির নাম ব্যবহার করতে চায়, তারা সফল হবে না।"
পরোক্ষভাবে একটি দলের সমালোচনা করে তিনি বলেন, "যারা খুনিদের জামিন করিয়েছে কিংবা টকশোতে গিয়ে শহীদ হাদিকে ‘গিনিপিগ’ বলে হেয় করেছে—তাদের বিরুদ্ধে ব্যবস্থা না নিয়ে আপনারা জানাজায় আসবেন, কবর জিয়ারত করবেন, কিন্তু দায় নেবেন না—তা হতে পারে না।"
সরকারকে ‘কম্বলের নিচে’ থাকার খোঁচা
বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাদের তীব্র সমালোচনা করেন ইনকিলাব মঞ্চের এই নেতা। তিনি বলেন, "ঢাকা শহরে তীব্র শীত ও সর্বনিম্ন তাপমাত্রা বিরাজ করছে। উপদেষ্টারা এখন কম্বলের নিচে ঘুমাচ্ছে, রাষ্ট্র যেন কম্বলের নিচে। কিন্তু জনগণ রাষ্ট্রের পাহারাদার হয়ে শীতে রাস্তায় দাঁড়িয়ে আছে।"
হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, "ওসমান হাদি খুনের সঙ্গে জড়িত রাঘববোয়ালদের নাম প্রকাশ করুন। যদি তাদের সঙ্গে সমঝোতায় আসেন, তবে ১২ ফেব্রুয়ারি পর্যন্ত আপনারা ক্ষমতায় থাকতে পারবেন না।"
আইন উপদেষ্টার সমালোচনা ও অবস্থান কর্মসূচি
জুলাই অভ্যুত্থানের আসামিদের জামিন প্রসঙ্গে আইন উপদেষ্টার সমালোচনা করে জাবের বলেন, "আইন ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় সরাসরি আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্বে থাকে। আপনারা দায় এড়াতে পারেন না।"
জনভোগান্তি প্রসঙ্গে তিনি বলেন, "শাহবাগের বিকল্প পথ রয়েছে। এই শীতে মানুষগুলো টাকার জন্য বসে নেই, তারা খুনিদের বিচারের দাবিতে পথে নেমেছে। বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত এখান থেকে কেউ যাবে না।"
উল্লেখ্য, গত শুক্রবার থেকে প্রতিদিন শাহবাগ মোড় অবরোধ করে হাদি হত্যার বিচারের দাবিতে কর্মসূচি পালন করে আসছে ইনকিলাব মঞ্চ।
প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক, ঢাকা




