লন্ডন ছাড়লেন তারেক রহমান: কাল ঐতিহাসিক প্রত্যাবর্তন

অবশেষে শেষ হলো দীর্ঘ প্রতীক্ষা। প্রায় দেড় যুগের নির্বাসন জীবন কাটিয়ে দেশের পথে রওনা হয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে তাকে বহনকারী বিমানটি ঢাকার উদ্দেশে উড্ডয়ন করেছে। বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) বেলা পৌনে ১২টার দিকে তিনি ঢাকার মাটিতে পা রাখবেন বলে আশা করা হচ্ছে।
উড়ল ড্রিমলাইনার, আসন ‘এ-১’
লন্ডন স্থানীয় সময় বুধবার সন্ধ্যা ৬টা ৩৬ মিনিটে (বাংলাদেশ সময় বৃহস্পতিবার রাত ১২টা ৩৬ মিনিট) তারেক রহমানকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট ‘বিজি-২০২’ হিথ্রো বিমানবন্দর ত্যাগ করে। বোয়িং ড্রিমলাইনার ৭৮৭-৯০০ মডেলের এই উড়োজাহাজটি লন্ডন থেকে সিলেট হয়ে ঢাকায় আসবে।
বিমান সূত্রে জানা গেছে, ভিভিআইপি যাত্রীর নিরাপত্তার কথা বিবেচনা করে বিমান পরিচালনায় বিশেষ সমন্বয় করা হয়েছে। ফ্লাইটে তারেক রহমানের জন্য বিশেষভাবে ‘এ-১’ (A1) আসনটি বরাদ্দ রাখা হয়েছে।
সফরসঙ্গী যারা
এই ঐতিহাসিক যাত্রায় তারেক রহমানের সঙ্গে ফিরছেন তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমান এবং কন্যা ব্যারিস্টার জাইমা রহমান। এছাড়া সফরসঙ্গী হিসেবে রয়েছেন তারেক রহমানের ব্যক্তিগত সচিব আব্দুর রহমান সানি, দলের প্রেস উইংয়ের কর্মকর্তা সালেহ শিবলী, জিয়াউর রহমান ফাউন্ডেশনের কামাল উদ্দীন, সৈয়দ মইনউদ্দিন আহমেদ এবং তাবাসসুম ফারহানা।
বিস্তারিত সময়সূচি
শিডিউল অনুযায়ী, ফ্লাইটটি প্রথমে সিলেটের এম এ জি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে বৃহস্পতিবার সকাল ৯টা ৫৫ মিনিটে। সেখানে প্রায় এক ঘণ্টার গ্রাউন্ড টার্নঅ্যারাউন্ড (বিরতি) শেষে সকাল ১০টা ৫৫ মিনিটে ঢাকার উদ্দেশে পুনরায় যাত্রা শুরু করবে। চূড়ান্ত পর্যায়ে বেলা ১১টা ৪৫ মিনিটে ফ্লাইটটি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করার কথা রয়েছে।
ঢাকায় উৎসবের আমেজ, নির্ঘুম রাত নেতাকর্মীদের
ভারপ্রাপ্ত চেয়ারম্যানের আগমনকে ঘিরে রাজধানী ঢাকায় বইছে উৎসবের জোয়ার। তাকে বরণ করে নিতে নজিরবিহীন প্রস্তুতির সাক্ষী হচ্ছে নগরবাসী। বিমানবন্দর থেকে কুড়িল বিশ্বরোড হয়ে পূর্বাচলমুখী ‘জুলাই ৩৬ এক্সপ্রেসওয়ে’ (পূর্বতন ৩০০ ফিট) এলাকা এখন জনসমুদ্রে রূপ নেওয়ার অপেক্ষায়।
বুধবার বিকেল থেকেই দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা নেতাকর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে জড়ো হতে শুরু করেন। তীব্র শীত উপেক্ষা করে হাজারো নেতাকর্মী রাতেও রাজপথে অবস্থান নিয়েছেন। পুরো এলাকা ব্যানার-ফেস্টুনে ছেয়ে গেছে, তৈরি হয়েছে বিশাল গণসংবর্ধনা মঞ্চ।
নেতাকর্মীরা বলছেন, তারেক রহমানের এই প্রত্যাবর্তন কেবল একটি রাজনৈতিক ঘটনা নয়, এটি দলের জন্য বিজয়ের নতুন সোপান। তাদের বিশ্বাস, ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সশরীরে উপস্থিতি আগামী নির্বাচনে বিএনপিকে এক নতুন উচ্চতায় নিয়ে যাবে। নিরাপত্তা নিশ্চিতে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি দলের স্বেচ্ছাসেবকরাও সতর্ক অবস্থানে রয়েছেন।
প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক, ঢাকা




