খালেদা জিয়াকে লন্ডনে নিতে আজ ঢাকায় আসছেন ডা. জোবায়দা

উন্নত চিকিৎসার জন্য বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে লন্ডনে নেওয়ার প্রস্তুতি চলছে। এ প্রক্রিয়ার অংশ হিসেবে তাকে নিয়ে যেতে লন্ডন থেকে ঢাকায় আসছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডা. জোবায়দা রহমান।
বিএনপির অফিশিয়াল ফেসবুক পেজে দেওয়া এক বার্তায় জানানো হয়েছে, আজ (শনিবার) রাতেই তার ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে।
মেডিকেল বোর্ডে নতুন সংযোজন ডা. জোবায়দা রহমান নিজেও খালেদা জিয়ার গঠন করা মেডিকেল বোর্ডের একজন সদস্য। তিনি বিদেশ থেকেই চিকিৎসকদের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখছেন। ঢাকায় পৌঁছানোর পর তিনি শাশুড়ির শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করবেন এবং পরিস্থিতি বিবেচনায় তাকে লন্ডনে নেওয়ার চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন।
ইতিমধ্যে গত বুধবার বেগম জিয়ার মেডিকেল বোর্ডে যুক্তরাজ্য ও চীন থেকে আসা বিশেষজ্ঞ চিকিৎসকদের দুটি দল যোগ দিয়েছে।
কেমন আছেন খালেদা জিয়া? গত ২৩ নভেম্বর ফুসফুস ও হৃদযন্ত্রের গুরুতর সংক্রমণ নিয়ে ‘সংকটাপন্ন’ অবস্থায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি হন ৮০ বছর বয়সী খালেদা জিয়া। চিকিৎসকরা জানিয়েছেন, তিনি কিডনি জটিলতা, হৃদরোগ এবং নতুন করে নিউমোনিয়ায় আক্রান্ত হয়েছেন। বর্তমানে সিসিইউতে তার চিকিৎসা চলছে।
দীর্ঘদিন ধরে তিনি লিভার সিরোসিস, আর্থ্রাইটিস ও ডায়াবেটিসসহ বার্ধক্যজনিত নানা জটিলতায় ভুগছেন। উন্নত চিকিৎসার জন্য তাকে বিদেশে নেওয়ার দাবি দীর্ঘদিনের, যা এখন বাস্তবায়নের পথে।
প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক





