বিএনপিতে যোগ দিয়ে ধানের শীষে লড়বেন রাশেদ খান: নুর

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বড় চমক নিয়ে আসছে গণ অধিকার পরিষদ। দলটির সাধারণ সম্পাদক মো. রাশেদ খান বিএনপিতে যোগ দিয়ে 'ধানের শীষ' প্রতীকে নির্বাচন করবেন। বিষয়টি নিশ্চিত করেছেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর।
শুক্রবার (২৬ ডিসেম্বর) রাতে সময় সংবাদকে দেয়া এক সাক্ষাৎকারে নুর এই গুরুত্বপূর্ণ রাজনৈতিক সিদ্ধান্তের কথা জানান।
জোটগত কৌশল ও নির্বাচনের সমীকরণ নুরুল হক নুর বলেন, "ফ্যাসিবাদবিরোধী উত্তাল সময়ে বিএনপি ও গণ অধিকার পরিষদসহ প্রায় ৪২টি রাজনৈতিক দল মিলে আমরা যুগপৎ আন্দোলন করেছিলাম। লক্ষ্য ছিল ফ্যাসিবাদ পতন ও রাষ্ট্র সংস্কার। সেই লক্ষ্য বাস্তবায়নে আমরা যারা একসঙ্গে আন্দোলন করেছি, তারা আগামীতে জাতীয় সরকার গঠন ও নির্বাচনের মাঠেও ঐক্যবদ্ধ থাকব।"
নির্বাচনী কৌশলের ব্যাখ্যা দিয়ে ডাকসুর সাবেক এই ভিপি বলেন, "আন্দোলনটি বিএনপির নেতৃত্বে সামগ্রিক সমন্বয়ের মাধ্যমেই সফল হয়েছে। তবে বর্তমান আরপিও (RPO) বিধান অনুযায়ী, জোটবদ্ধ হলেও প্রার্থীকে নিজ দলের প্রতীকেই ভোট করতে হয়। কিন্তু বাস্তব প্রেক্ষাপটে সব এলাকায় সব মার্কা নিয়ে জয়লাভ করা কঠিন। তাই জোটের শরিকদের অনেকেই নির্বাচনে জয়ের কৌশল হিসেবে বিএনপির প্রাথমিক সদস্য পদ নিয়ে ধানের শীষে নির্বাচন করছেন।"
ঝিনাইদহ-৪ আসনে লড়বেন রাশেদ নির্বাচনী এলাকা ও দলীয় অবস্থান পরিষ্কার করে নুর জানান, রাশেদ খান ঝিনাইদহ-৪ আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন। তিনি বলেন, "নির্বাচনে জয়লাভের কৌশলের অংশ হিসেবে তাকে দল থেকে অনুমতি দেয়া হয়েছে। তিনি ধানের শীষ প্রতীকেই নির্বাচন করবেন।"
দলে রদবদল রাশেদ খানের বিএনপিতে যোগদানের ফলে গণ অধিকার পরিষদে সাংগঠনিক পরিবর্তনের আভাসও দিয়েছেন নুরুল হক নুর। তিনি বলেন, "রাশেদ খান গণ অধিকার পরিষদের পদ থেকে পদত্যাগ করবেন। খুব শিগগিরই আমরা একজনকে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব দেব।"
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, যুগপৎ আন্দোলনের শরিকদের ধানের শীষ প্রতীকে নির্বাচন করার এই সিদ্ধান্ত আগামী নির্বাচনের মাঠের সমীকরণে বড় প্রভাব ফেলবে।
প্রতিবেদক
Md Arif Mainuddin





