দিল্লিতে হাইকমিশনের ব্যারিকেড ভাঙল হিন্দুত্ববাদীরা!

দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের সামনে নিরাপত্তা ব্যারিকেড ভেঙে ভেতরে ঢোকার চেষ্টা করছে উগ্র হিন্দুত্ববাদী সংগঠনের কর্মীরা
ভারতের রাজধানী নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের সামনে পরিস্থিতি ক্রমশ উত্তপ্ত হয়ে উঠছে। এবার নিরাপত্তা ব্যারিকেড ভেঙে হাইকমিশনের ভেতরে ঢোকার চেষ্টা চালিয়েছে একদল উগ্র বিক্ষোভকারী। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি-র প্রতিবেদনে এই চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে।
মঙ্গলবার (২৩ ডিসেম্বর) ‘বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতন’ এবং ময়মনসিংহে দীপু চন্দ্র দাস হত্যার প্রতিবাদে এই ব্যাপক বিক্ষোভ শুরু হয়।
ব্যারিকেড ভাঙার চেষ্টা ও উত্তেজনা হিন্দুত্ববাদী সংগঠন বিশ্ব হিন্দু পরিষদ (ভিএইচপি) ও বজরং দল-এর ডাকে এই কর্মসূচি পালিত হচ্ছে। বিক্ষোভকারীরা প্ল্যাকার্ড হাতে বাংলাদেশবিরোধী স্লোগান দিতে দিতে একপর্যায়ে পুলিশের দেওয়া নিরাপত্তা বেষ্টনী বা ব্যারিকেড ভাঙার চেষ্টা করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সেখানে পুলিশ ও আধাসামরিক বাহিনী মোতায়েন করা হয়েছে এবং তিন স্তরের নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়েছে।
নিরাপত্তা নিয়ে প্রশ্ন এর আগে গত ২০ ডিসেম্বর রাতেও একই কায়দায় হাইকমিশনের সামনে বিক্ষোভ হয়েছিল। তখন ভারত দাবি করেছিল, মাত্র ২০-২৫ জন লোক স্লোগান দিয়েছে এবং কোনো নিরাপত্তা ঝুঁকি ছিল না। কিন্তু আজকের এই ব্যারিকেড ভাঙার চেষ্টা দিল্লির কূটনৈতিক এলাকার নিরাপত্তা ব্যবস্থাকে বড় প্রশ্নের মুখে ফেলে দিয়েছে।
ঢাকার কড়া প্রতিক্রিয়া বাংলাদেশ সরকার এর আগেই দিল্লির ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়েছে। পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন প্রশ্ন তুলেছেন, "দিল্লির মতো অত্যন্ত সুরক্ষিত কূটনৈতিক এলাকায় অনুমতি ছাড়া কীভাবে উগ্র সংগঠনের সদস্যরা প্রবেশ করতে পারে?"
তিনি বলেন, "মিশনের নিরাপত্তা নিশ্চিত করা স্বাগতিক দেশের দায়িত্ব। কিন্তু বারবার এমন ঘটনা প্রমাণ করে সেখানে গুরুতর নিরাপত্তা ঘাটতি রয়েছে।"
দিল্লির এই উত্তপ্ত পরিস্থিতি দুই দেশের কূটনৈতিক সম্পর্কে নতুন করে ফাটল ধরাতে পারে বলে আশঙ্কা করছেন বিশ্লেষকরা। হাইকমিশনের ভেতরে থাকা বাংলাদেশি কূটনীতিক ও কর্মীদের নিরাপত্তা নিয়ে ঢাকায় উদ্বেগ বাড়ছে।
প্রতিবেদক
আন্তর্জাতিক ডেস্ক





