তফসিলের পর অনুমোদনহীন সমাবেশ–আন্দোলন নিয়ন্ত্রণে কঠোর অবস্থানে সরকার

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পর দেশজুড়ে সব ধরনের বেআইনি ও অনুমোদনহীন জনসমাবেশ, সড়ক অবরোধ এবং জনদুর্ভোগ সৃষ্টি করে এমন আন্দোলন কঠোরভাবে নিয়ন্ত্রণে রাখা হবে বলে জানিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার।
মঙ্গলবার দুপুরে প্রধান উপদেষ্টার নির্দেশে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এক গুরুত্বপূর্ণ বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী জানান, গত দেড় বছরে দুই হাজারের বেশি আন্দোলন–বিক্ষোভের মাধ্যমে বিভিন্ন দাবি–দাওয়া জানানো হয়েছে। সরকার ন্যায্য দাবি শুনেছে এবং সবসময় আলোচনা করে সমাধানের চেষ্টা করেছে।
তিনি বলেন, “এখন নির্বাচনমুখী সময়। তাই দাবি–দাওয়া নির্বাচন পরবর্তী সরকারের কাছে জানাতে হবে।”
এ সময় কেউ যদি উত্তেজনা সৃষ্টি, সহিংসতা বা নির্বাচনী পরিবেশ নষ্টের চেষ্টা করে, তাহলে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
উপদেষ্টা আরও জানান, নির্বাচনের পরিবেশ অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও উৎসবমুখর রাখতে সশস্ত্র বাহিনীসহ আইন–শৃঙ্খলা বাহিনী মাঠে কাজ করবে।
নির্বাচনকে সামনে রেখে ইতোমধ্যে রেকর্ডসংখ্যক দেড় লাখ পুলিশ সদস্যকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে।
মাঠ পর্যায়ে বিভিন্ন বাহিনীর প্রায় ৯ লাখ সদস্য দায়িত্ব পালন করবেন, যা দেশের ইতিহাসে সর্বোচ্চ।
প্রতিবেদক
Md Arif Mainuddin





