সিসিইউতে খালেদা জিয়া: কেমন আছেন? সবশেষ জানালেন ডা. জাহিদ

রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা বর্তমানে স্থিতিশীল রয়েছে। তাকে যে চিকিৎসা দেওয়া হচ্ছে, তাতে তিনি সাড়া দিচ্ছেন। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) দুপুরে এভারকেয়ার হাসপাতালের সামনে সাংবাদিকদের এ তথ্য জানান তার ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন।
চিকিৎসা ও মেডিকেল বোর্ড ডা. জাহিদ হোসেন জানান, দেশি-বিদেশি চিকিৎসকদের সমন্বয়ে গঠিত একটি বিশেষায়িত মেডিকেল বোর্ডের অধীনে বেগম জিয়ার চিকিৎসা চলছে। তিনি বলেন, ‘বেগম জিয়াকে যে চিকিৎসা দেওয়া হচ্ছে তা তিনি গ্রহণ করতে পারছেন। বাংলাদেশ, যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের চিকিৎসকরা প্রতিদিন তার স্বাস্থ্য পরীক্ষা করছেন। চিকিৎসকরাসহ আমরা সবাই অত্যন্ত আশাবাদী যে, বেগম খালেদা জিয়া দ্রুত সুস্থ হয়ে উঠবেন।’
পারিবারিক তত্ত্বাবধান ও দোয়া প্রার্থনা লন্ডন থেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইদা রহমান সার্বক্ষণিক চিকিৎসার তদারকি করছেন বলে জানান ডা. জাহিদ। তিনি আরও বলেন, ‘বেগম জিয়ার ছোট ভাই-বোনসহ পরিবারের সদস্যরা নিয়মিত খোঁজখবর রাখছেন। তবে তিনি যেহেতু করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) আছেন, তাই তার পাশে সরাসরি কেউ থাকতে পারছেন না। দেশবাসীর কাছে দোয়া চাই, যেন তিনি দ্রুত আরোগ্য লাভ করেন।’
অসুস্থতার প্রেক্ষাপট উল্লেখ্য, চলতি বছরের ২১ নভেম্বর সশস্ত্র বাহিনী দিবসের অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন বেগম খালেদা জিয়া। সেদিন তাকে বেশ প্রাণবন্ত ও হাস্যোজ্জ্বল দেখা গিয়েছিল। কিন্তু তার একদিন পরেই শ্বাসকষ্টজনিত জটিলতা দেখা দেয়। স্বাস্থ্যের অবনতি হলে গত ২৩ নভেম্বর তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়।
পরীক্ষা-নিরীক্ষায় তার হার্ট এবং ফুসফুসে সংক্রমণ (Infection) ধরা পড়ে। অবস্থার অবনতি হলে তাকে সিসিইউতে স্থানান্তর করা হয়। তখন থেকেই তিনি নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন।
প্রতিবেদক
Md Arif Mainuddin




