🗳️আসছে নির্বাচন ২০২৬ - আপনার মতামত দিন!
জাতীয়

হাদির কিডনির কার্যক্ষমতা ফিরলেও অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক: মেডিকেল বোর্ড

গুলিবিদ্ধ ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ মো. ওসমান হাদির কিডনির কার্যক্ষমতা ফিরে এলেও তার সার্বিক শারীরিক অবস্থা এখনও অত্যন্ত আশঙ্কাজনক বলে জানিয়েছে মেডিকেল বোর্ড।

শনিবার (১৩ ডিসেম্বর) বিকেলে মেডিকেল বোর্ডের দেওয়া আনুষ্ঠানিক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, শুক্রবার (১২ ডিসেম্বর) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রয়োজনীয় অস্ত্রোপচার সম্পন্ন হওয়ার পর উন্নত চিকিৎসা ও নিবিড় পর্যবেক্ষণের জন্য শরিফ ওসমান হাদিকে ঢাকার এভারকেয়ার হাসপাতালের ক্রিটিকাল কেয়ার ইউনিটে (সিসিইউ) স্থানান্তর করা হয়।

মেডিকেল বোর্ড জানায়, রোগীর মস্তিষ্ক মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। সার্জিক্যাল হস্তক্ষেপ সম্পন্ন হওয়ায় বর্তমানে তাকে কনজারভেটিভ ম্যানেজমেন্টে রাখা হয়েছে। ব্রেন প্রোটেকশন প্রটোকল অনুসরণ করে প্রয়োজনীয় সব ধরনের সাপোর্ট চালু রয়েছে। শারীরিক অবস্থা কিছুটা স্থিতিশীল হলে পুনরায় ব্রেনের সিটি স্ক্যান করা হবে।

ফুসফুসে ইনজুরি বিদ্যমান থাকায় চেস্ট ড্রেইন টিউবের মাধ্যমে অল্প পরিমাণ রক্ত নির্গত হচ্ছে। ফুসফুসে সংক্রমণ ও এআরডিএস প্রতিরোধে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করে ভেন্টিলেটর সাপোর্ট অব্যাহত রাখা হয়েছে।

বিবৃতিতে আরও জানানো হয়, কিডনির কার্যক্ষমতা বর্তমানে ফিরে এসেছে এবং তা বজায় রাখতে নির্ধারিত ফ্লুইড ব্যালেন্স যথাযথভাবে পরিচালনা করা হচ্ছে। পূর্বে রক্ত জমাট বাঁধা ও রক্তক্ষরণের মধ্যে যে অসামঞ্জস্যতা দেখা দিয়েছিল, তা বর্তমানে অনেকটাই নিয়ন্ত্রণে এসেছে। সার্বক্ষণিক মনিটরিংয়ের পাশাপাশি প্রয়োজন অনুযায়ী রক্ত ও রক্তজাত উপাদান সঞ্চালন চলমান রয়েছে।

ব্রেন স্টেম ইনজুরির কারণে রোগীর রক্তচাপ ও হৃদস্পন্দনের ওঠানামা পরিলক্ষিত হচ্ছে। রক্তচাপ নিয়ন্ত্রণে প্রয়োজনীয় সাপোর্ট অব্যাহত রয়েছে। হৃদস্পন্দন বিপজ্জনকভাবে কমে গেলে তাৎক্ষণিকভাবে টেম্পোরারি পেসমেকার স্থাপনের জন্য সংশ্লিষ্ট টিম প্রস্তুত রয়েছে বলেও জানানো হয়।

মেডিকেল বোর্ড ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান-স্টপ ক্রাইসিস সেন্টার, রেডিওলজি, আইসিইউ, অ্যানেস্থেশিয়া, নিউরোসার্জারি ও সংশ্লিষ্ট সব বিভাগের চিকিৎসক ও সহায়ক স্টাফদের পেশাদার ও মানবিক অবদানের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছে।

বিবৃতির শেষে জানানো হয়, বর্তমানে রোগীর সার্বিক অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক। বিষয়টি রোগীর ভাই ও নিকটাত্মীয়দের অবহিত করা হয়েছে। অপ্রয়োজনে হাসপাতালে ভিড় না করার পাশাপাশি কোনো ধরনের অনুমানভিত্তিক বা বিভ্রান্তিকর তথ্য প্রচার না করার জন্য সবাইকে অনুরোধ জানানো হয়েছে।

রোগীর ব্যক্তিগত গোপনীয়তা ও মর্যাদা রক্ষায় সহযোগিতা কামনা করে মেডিকেল বোর্ড ও পরিবারের পক্ষ থেকে দেশবাসীর কাছে শরিফ মো. ওসমান হাদির দ্রুত সুস্থতার জন্য দোয়ার আবেদন জানানো হয়েছে।

#মেডিকেল#হাদির#কিডনির#কার্যক্ষমতা#অবস্থা#অত্যন্ত

প্রতিবেদক

Md Arif Mainuddin

মতামত জানাও (0)

সকলের সাথে আপনার চিন্তা শেয়ার করুন

মতামত জানাতে লগিন করুন

আপনার সোশ্যাল মিডিয়া একাউন্ট ব্যবহার করে সহজেই লগিন করতে পারেন

লোড হচ্ছে...