প্রবাসীদের জন্য সুখবর: রেজিস্ট্রেশন ছাড়াই ৬০ দিন ফোন ব্যবহারের সুযোগ

দেশে ছুটিতে আসা প্রবাসীদের জন্য মোবাইল ফোন ব্যবহারের নিয়ম শিথিল করেছে সরকার। এখন থেকে দেশে আসার পর সর্বোচ্চ ৬০ দিন পর্যন্ত কোনো প্রকার রেজিস্ট্রেশন ছাড়াই নিজের স্মার্টফোন ব্যবহার করতে পারবেন প্রবাসীরা। তবে এই সময়ের বেশি অবস্থান করলে হ্যান্ডসেটটির রেজিস্ট্রেশন বাধ্যতামূলক হবে।
গত সোমবার সচিবালয়ে এনবিআর, বাণিজ্য মন্ত্রণালয়, বিটিআরসি এবং ডাক ও টেলিযোগাযোগ বিভাগের এক যৌথ বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকে উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব।
কয়টি ফোন আনা যাবে ট্যাক্স ছাড়া? বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী ব্যাগেজ রুলসেও কিছু স্পষ্টীকরণ এসেছে:
বিএমইটি (BMET) কার্ডধারী: নিজের ব্যবহৃত ফোন ছাড়াও ২টি নতুন ফোন সম্পূর্ণ শুল্কমুক্ত (Tax Free) সুবিধায় আনতে পারবেন। অর্থাৎ মোট ৩টি ফোন। চতুর্থ ফোনের ক্ষেত্রে শুল্ক দিতে হবে।
বিএমইটি কার্ড ছাড়া: সাধারণ যাত্রীরা নিজের ব্যবহৃত ফোন এবং ১টি নতুন ফোন শুল্কমুক্ত সুবিধায় আনতে পারবেন।
মোবাইলের দাম কমবে? বৈঠকে স্মার্টফোন আমদানির ওপর বিদ্যমান উচ্চ শুল্ক কমানোর বিষয়ে ইতিবাচক আলোচনা হয়েছে। বর্তমানে বৈধ আমদানিতে ৬১ শতাংশ শুল্ক কার্যকর রয়েছে। সরকার এটি উল্লেখযোগ্য হারে কমানোর সিদ্ধান্ত নিয়েছে, যা কার্যকর হলে দেশের বাজারে মোবাইলের দাম কমবে বলে আশা করা হচ্ছে।
চোরাচালান ও ই-বর্জ্য রোধে কঠোরতা মালয়েশিয়া, থাইল্যান্ড ও সিঙ্গাপুর থেকে প্রবাসীদের ব্যাগেজ ব্যবহার করে স্বর্ণ ও দামী ডিভাইস পাচারের প্রবণতা বেড়েছে। তাই বৈধভাবে কেনা ফোনের কাগজপত্র সঙ্গে রাখার পরামর্শ দেওয়া হয়েছে। এছাড়া ভারত, চীন ও থাইল্যান্ড থেকে পুরোনো ফোনের কেসিং বদলে ‘নতুন’ বলে চালানো ইলেকট্রনিক বর্জ্য বা রিফারবিশড ফোন ঠেকাতে কাস্টমস অভিযান জোরদার করা হবে।
আইনি সুরক্ষা প্রস্তাবিত ‘টেলিযোগাযোগ অধ্যাদেশ (সংশোধনী) ২০২৫’-এ গ্রাহকের ই-কেওয়াইসি (e-KYC) ও আইএমইআই (IMEI) রেজিস্ট্রেশনের ডেটা সুরক্ষা নিশ্চিত করার কথা বলা হয়েছে। তথ্যের অপব্যবহারকারীদের বিরুদ্ধে শাস্তির বিধানও রাখা হয়েছে।
প্রতিবেদক
প্রযুক্তি ও প্রবাস ডেস্ক





