চট্টগ্রাম-৯: জামায়াত প্রার্থীর মনোনয়ন সংগ্রহ, জয়ের হুঙ্কার

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভিআইপি আসন হিসেবে পরিচিত চট্টগ্রাম-৯ (কোতোয়ালি-বাকলিয়া) আসনে নির্বাচনী উত্তাপ ছড়াতে শুরু করেছে। এই আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী বিশিষ্ট চিকিৎসক ডা. এ কে এম ফজলুল হক-এর পক্ষে আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে।
রবিবার (২৮ ডিসেম্বর) সকালে চট্টগ্রাম রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে এই মনোনয়নপত্র উত্তোলন করা হয়। এ সময় নেতারা ঘোষণা দেন, কেবল অংশগ্রহণের জন্য নয়, এবার তারা বিজয়ের লক্ষ্য নিয়েই মাঠে নেমেছেন।
‘বিজয়ের লক্ষ্যেই নির্বাচন’
মনোনয়নপত্র উত্তোলন শেষে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন চট্টগ্রাম-৯ সংসদীয় আসনের পরিচালক, জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও চট্টগ্রাম মহানগরীর এসিস্ট্যান্ট সেক্রেটারি জনাব ফয়সাল মুহাম্মদ ইউনুছ। তিনি বলেন, "এবার বিজয়ের লক্ষ্যেই নির্বাচন। সন্ত্রাস, চাঁদাবাজি ও দুর্নীতি নির্মূল করে একটি কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যেই বাংলাদেশ জামায়াতে ইসলামী এবারের নির্বাচনে অংশগ্রহণ করেছে।"
তিনি আরও বলেন, "দেশবাসীকে সঙ্গে নিয়ে একটি সুন্দর, সুষ্ঠু ও ঐতিহাসিক নির্বাচনের সাক্ষী হতে আমরা প্রস্তুত। কোতোয়ালি-বাকলিয়ার মানুষ এবার সৎ ও যোগ্য নেতৃত্ব বেছে নেবে।"
ষড়যন্ত্র নিয়ে উদ্বেগ ও দাবি
সম্প্রতি দেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন জামায়াত নেতা ফয়সাল মুহাম্মদ ইউনুছ। তিনি ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান হাদীকে নৃশংসভাবে হত্যার ঘটনার তীব্র নিন্দা জানান। তিনি বলেন, "দেশকে অস্থিতিশীল করার জন্য ধারাবাহিক ষড়যন্ত্র ও নানামুখী চক্রান্ত চলছে। এসব বিষয়ে আমরা গভীর উদ্বেগ প্রকাশ করছি।"
নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, "একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য অবিলম্বে ‘লেভেল প্লেয়িং ফিল্ড’ নিশ্চিত করতে হবে। প্রশাসনের নিরপেক্ষ ভূমিকা ছাড়া গ্রহণযোগ্য নির্বাচন সম্ভব নয়।"
উপস্থিত নেতৃবৃন্দ
মনোনয়নপত্র উত্তোলনকালে প্রার্থীর প্রধান এজেন্ট ও বাকলিয়া থানা জামায়াতের আমীর জনাব সুলতান আহমদ, জামায়াত নেতা আরিফুল ইসলাম, বিশিষ্ট আইনজীবী অ্যাডভোকেট জিয়াউর রহমানসহ থানা ও ওয়ার্ড পর্যায়ের জ্যেষ্ঠ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ডা. এ কে এম ফজলুল হক চট্টগ্রামের একজন পরিচিত মুখ ও সজ্জন রাজনীতিবিদ হিসেবে পরিচিত। তার মনোনয়ন সংগ্রহের মধ্য দিয়ে চট্টগ্রাম-৯ আসনে নির্বাচনী লড়াইয়ের আনুষ্ঠানিক দামামা বেজে উঠল বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।
প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম





