🗳️আসছে নির্বাচন ২০২৬ - আপনার মতামত দিন!
জাতীয়

মামলা দেখার দরকার নেই, ‘আওয়ামী সন্ত্রাসীদের’ ধরুন: পুলিশকে কঠোর নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার

মামলা থাকুক বা না থাকুক, ‘আওয়ামী লীগের সন্ত্রাসীদের’ দেখামাত্রই আইনের আওতায় নিয়ে আসার জন্য পুলিশকে কঠোর নির্দেশ দিয়েছেন অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা লে. জে. (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, এদের গ্রেফতারে ব্যর্থ হলে পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।

বুধবার (১৭ ডিসেম্বর) বিকেলে নারায়ণগঞ্জে বিকেএমইএ ভবনে এক অনুষ্ঠান শেষে বেরিয়ে যাওয়ার সময় শিক্ষার্থীদের দাবির মুখে তিনি পুলিশ প্রশাসনকে এই নির্দেশ দেন।

শিক্ষার্থীদের তোপের মুখে উপদেষ্টা বিকেলে বিকেএমইএ’র পক্ষ থেকে জেলা ও শিল্প পুলিশকে গাড়ি উপহার দেওয়ার অনুষ্ঠান শেষে ফেরার পথে স্বরাষ্ট্র উপদেষ্টার গাড়ি আটকান জুলাই অভ্যুত্থানের ছাত্রনেতারা। এ সময় জাতীয়তাবাদী ছাত্রদল, জাতীয় ছাত্রশক্তি এবং ওয়ারিয়র্স অব জুলাই-সহ বিভিন্ন সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

ছাত্ররা অভিযোগ করেন, পুলিশ ‘মামলা নেই’ অজুহাত দেখিয়ে আওয়ামী লীগের সন্ত্রাসীদের গ্রেফতার করছে না। এই অভিযোগের প্রেক্ষিতে তাৎক্ষণিকভাবে নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার (এসপি) মিজানুর রহমান মুন্সীকে ডেকে স্বরাষ্ট্র উপদেষ্টা নির্দেশ দেন:

"আওয়ামী লীগের যারা সন্ত্রাসী, তার বিরুদ্ধে মামলা আছে কি না, সেইটা দেখার কোনো ব্যাপার নেই। তাদের সাথে সাথে আইনের আওতায় নিয়ে আসবা। আর আইনের আওতায় না আসতে পারলে তোমাদের বিরুদ্ধেও কিন্তু ব্যবস্থা নেয়া হবে।"

শিক্ষার্থীদের ৭ দফা দাবি ছাত্রনেতারা উপদেষ্টার কাছে ৭ দফা দাবি পেশ করেন। এর মধ্যে উল্লেখযোগ্য হলো:

  • জুলাই অভ্যুত্থানে লুট হওয়া অস্ত্র উদ্ধার।

  • ওসমান পরিবার ও তাদের সহযোগীদের গ্রেফতার।

  • স্বতন্ত্র প্রার্থী ওসমানের হাদির ওপর হামলাকারীদের বিচার।

  • থানা ও আদালতকে রাজনৈতিক প্রভাবমুক্ত রাখা।

স্বরাষ্ট্র উপদেষ্টা শিক্ষার্থীদের দাবিগুলোকে ‘যৌক্তিক’ উল্লেখ করে জানান, ইতিমধ্যে কিছু পদক্ষেপ নেওয়া হয়েছে।

ওসমান হাদি প্রসঙ্গ ও অস্ত্র উদ্ধার স্বতন্ত্র প্রার্থী ওসমানের হাদির ওপর হামলার বিষয়ে উপদেষ্টা বলেন, ‘মূল অভিযুক্তকে গ্রেফতার করা সম্ভব না হলেও হামলায় ব্যবহৃত হাতিয়ার উদ্ধার করা হয়েছে। তার এক সহযোগীকে গ্রেফতার করে রিমান্ডে নেওয়া হয়েছে। বাকি কাজও দ্রুত সম্পন্ন হবে।’ তিনি হাদির সুস্থতা কামনায় দেশবাসীর কাছে দোয়া চান।

নির্বাচন ও ব্যক্তিগত নিরাপত্তা নারায়ণগঞ্জে নির্দিষ্ট কোনো ব্যক্তির নির্বাচন না করার প্রসঙ্গে তিনি বলেন, ‘কে নির্বাচন করবেন আর কে করবেন না, সেটা যার যার ব্যক্তিগত ব্যাপার। নিরাপত্তাও একটি আপেক্ষিক বিষয়। কেউ যদি নিরাপত্তার অজুহাতে না আসেন, তবে আমাদের কিছু বলার নেই।’

আলু-পেয়াজ মন্তব্যের ব্যাখ্যা লুট হওয়া অস্ত্র উদ্ধারের প্রশ্নে এর আগে ‘আলু-পেয়াজ’ নিয়ে দেওয়া বক্তব্যের ব্যাখ্যা দেন উপদেষ্টা। তিনি বলেন, ‘ওই অনুষ্ঠানটি কৃষি মন্ত্রণালয়ের ছিল, তাই আমি কৃষকদের সমস্যা নিয়ে কথা বলেছিলাম। আইনশৃঙ্খলা বা অস্ত্র উদ্ধারের বিষয় নিয়ে আমরা নিয়মিত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করছি।’

পুলিশের অবস্থান স্বরাষ্ট্র উপদেষ্টার নির্দেশের বিষয়ে জানতে চাইলে নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার (এসপি) মিজানুর রহমান মুন্সী বলেন, ‘আমাদের অভিযান অলরেডি চলছে, চেকপোস্ট বসানো হয়েছে।’

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী খোদা বখস চৌধুরী, শিল্প পুলিশের প্রধান অতিরিক্ত আইজিপি গাজী জসিম উদ্দিন এবং ঢাকা রেঞ্জ ডিআইজি রেজাউল করিম মল্লিক।

#স্বরাষ্ট্র উপদেষ্টা#জাহাঙ্গীর আলম চৌধুরী#আওয়ামী লীগ#গ্রেফতার অভিযান#নারায়ণগঞ্জ নিউজ#পুলিশকে নির্দেশ#জুলাই অভ্যুত্থান#ওসমান হাদি#বিকেএমইএ#বাংলাদেশ রাজনীতি#Home Advisor Jahangir Alam#Narayanganj News#Police Arrest Order#Awami League Terrorists#BD Politics

প্রতিবেদক

Md Arif Mainuddin

মতামত জানাও (0)

সকলের সাথে আপনার চিন্তা শেয়ার করুন

মতামত জানাতে লগিন করুন

আপনার সোশ্যাল মিডিয়া একাউন্ট ব্যবহার করে সহজেই লগিন করতে পারেন

লোড হচ্ছে...