🗳️আসছে নির্বাচন ২০২৬ - আপনার মতামত দিন!
জাতীয়দুর্নীতি

৯ হাজার কোটি টাকার দুর্নীতি! সাবেক কমিশনার জহুরুলকে ৩ ঘণ্টা জেরা

মো. জহুরুল হক। ফাইল ছবি

রক্ষকই যখন ভক্ষক! দুর্নীতির দায়ে অভিযুক্তদের যিনি বিচার করতেন, সেই সাবেক দুর্নীতি দমন কমিশন (দুদক) কমিশনার মো. জহুরুল হক নিজেই এবার দুর্নীতির কাঠগড়ায়। ক্ষমতার অপব্যবহার, ঘুষ গ্রহণ এবং হাজার হাজার কোটি টাকা পাচারের অভিযোগে তাকে প্রায় তিন ঘণ্টা ধরে জিজ্ঞাসাবাদ করেছে দুদক।

বুধবার (১৪ জানুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে রাজধানীর সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে সস্ত্রীক হাজির হন সাবেক এই কমিশনার। এরপর তাকে আলাদা কক্ষে নিয়ে দীর্ঘ সময় ধরে জেরা করা হয় বলে সংস্থাটির সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

কী কী অভিযোগ জহুরুল হকের বিরুদ্ধে?

দুদক ও বিটিআরসি—উভয় প্রতিষ্ঠানে দায়িত্ব পালনকালে জহুরুল হকের বিরুদ্ধে পাহাড়সমান দুর্নীতির অভিযোগ উঠেছে। এর মধ্যে উল্লেখযোগ্য হলো:

  • টেলিকম খাতে ঘুষ ও পাচার: বিটিআরসি চেয়ারম্যান থাকাকালে দুটি বড় টেলিকম অপারেটর থেকে শত শত কোটি টাকা ঘুষ নেওয়া এবং ইন্টারন্যাশনাল গেটওয়ে ব্যবহার করে বিদেশে অর্থ পাচারের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।

  • রাষ্ট্রের ৯ হাজার কোটি টাকা ক্ষতি: গত ৩ ডিসেম্বর আন্তর্জাতিক ইনকামিং কলের টার্মিনেশন রেট বেআইনিভাবে কমিয়ে রাষ্ট্রের ৯ হাজার কোটি টাকা ক্ষতি করার অভিযোগে জহুরুল হকসহ ৬ জনের বিরুদ্ধে মামলা করেছে দুদক।

  • বিদেশে বাড়ি: অবৈধভাবে অর্জিত অর্থ পাচার করে বিভিন্ন দেশে একাধিক বাড়ি নির্মাণের অভিযোগও তদন্তাধীন।

প্লট জালিয়াতির চাঞ্চল্যকর তথ্য

রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) নিয়ম অনুযায়ী স্বামী ও স্ত্রীর নামে আলাদা প্লট নেওয়ার সুযোগ নেই। কিন্তু ক্ষমতার দাপটে জহুরুল হক এই নিয়ম তোয়াক্কা করেননি।

  • তিনি নিজের এবং স্ত্রী মাছুদা বেগমের নামে আগেই ৫ কাঠা করে দুটি পৃথক প্লট বরাদ্দ নিয়েছিলেন।

  • ২০২১ সালে দুদক কমিশনার হওয়ার পর ক্ষমতার অপব্যবহার করে তিনি নিজের ৫ কাঠার প্লটটি বদলে ১০ কাঠায় উন্নীত করেন।

  • ২০২২ সালে গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রীর কাছে আবেদন করে পূর্বাচল প্রকল্পের ১০ নম্বর সেক্টরে এই বিশাল প্লট বাগিয়ে নেন, যা ২০২৪ সালের ৩০ জুন রেজিস্ট্রি হয়।

আজকের জিজ্ঞাসাবাদে তার স্ত্রী মাছুদা বেগমকেও বিভিন্ন বিষয়ে প্রশ্ন করা হয়েছে বলে জানা গেছে। তদন্ত কর্মকর্তারা বলছেন, দুর্নীতির সুনির্দিষ্ট প্রমাণের ভিত্তিতেই এই জিজ্ঞাসাবাদ এবং তদন্ত কার্যক্রম এগিয়ে নেওয়া হচ্ছে।

প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

মতামত জানাও (0)

সকলের সাথে আপনার চিন্তা শেয়ার করুন

মতামত জানাতে লগিন করুন

আপনার সোশ্যাল মিডিয়া একাউন্ট ব্যবহার করে সহজেই লগিন করতে পারেন

লোড হচ্ছে...