ভারতীয়দের ভিসা বন্ধ: কলকাতা-মুম্বাইসহ সব মিশনে কঠোর বিধিনিষেধ

ফাইল ছবি
ভারতের সঙ্গে কূটনৈতিক টানাপড়েনের জেরে এবার আরও কঠোর অবস্থান নিল বাংলাদেশ। ভারতীয় নাগরিকদের জন্য ভিসা প্রদানে বড় ধরনের বিধিনিষেধ আরোপ করা হয়েছে। নতুন নির্দেশনায় কলকাতা, মুম্বাই ও চেন্নাইয়ের বাংলাদেশ মিশনগুলোতে পর্যটকসহ প্রায় সব ক্যাটাগরির ভিসা প্রদান স্থগিত করা হয়েছে। শুধুমাত্র ব্যবসা (Business) ও চাকরি (Employment) সংক্রান্ত ভিসা চালু থাকবে।
পররাষ্ট্র মন্ত্রণালয় বুধবার (৭ জানুয়ারি) রাতে এই সিদ্ধান্তের কথা নিশ্চিত করে জানিয়েছে, বৃহস্পতিবার (৮ জানুয়ারি) সকাল থেকেই এই নতুন বিধিনিষেধ কার্যকর হয়েছে।
কোথায় কোথায় ভিসা বন্ধ?
ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে ভারতের মাটিতে থাকা বাংলাদেশের কূটনৈতিক মিশনগুলোতে এই স্থবিরতা নেমে এসেছে। নতুন করে যেসব জায়গায় ভিসা সেবা বন্ধ বা সীমিত করা হলো:
কলকাতা: বাংলাদেশ ডেপুটি হাই কমিশনে কনস্যুলার ও ভিসা সেবা প্রায় পুরোপুরি বন্ধ।
মুম্বাই ও চেন্নাই: এখানেও পর্যটক ও অন্যান্য ব্যক্তিগত ভিসা দেওয়া স্থগিত করা হয়েছে।
এর আগে গত ২২ ডিসেম্বর নিরাপত্তা ও অন্যান্য কারণ দেখিয়ে নয়াদিল্লির বাংলাদেশ হাই কমিশন, আগরতলার সহকারী হাই কমিশন এবং শিলিগুড়ির ভিসা সেন্টারে কার্যক্রম সাময়িক স্থগিত করা হয়েছিল। গুয়াহাটি মিশনেও কনস্যুলার সেবা বন্ধ রয়েছে। অর্থাৎ, ভারতজুড়ে এখন বাংলাদেশি ভিসা পাওয়া প্রায় অসম্ভব হয়ে পড়েছে সাধারণ ভারতীয়দের জন্য।
মুম্বাইয়ে বিক্ষোভ ও সংঘর্ষ
এদিকে বাংলাদেশের এই সিদ্ধান্তের প্রতিবাদে এবং চলমান উত্তেজনার মধ্যেই মুম্বাইয়ে বাংলাদেশ ডেপুটি হাই কমিশনের সামনে বিক্ষোভ করেছে বিশ্ব হিন্দু পরিষদ (ভিএইচপি)। বুধবার প্রায় ১৫০ জন ভিএইচপি নেতাকর্মী মিশনের সামনে জড়ো হয়ে বাংলাদেশবিরোধী স্লোগান দেয়। একপর্যায়ে পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। নিরাপত্তা শঙ্কায় মিশনের কার্যক্রম ব্যাহত হচ্ছে বলে কূটনৈতিক সূত্রে জানা গেছে।
পাল্টা ব্যবস্থা?
বিশ্লেষকরা মনে করছেন, এটি অনেকটা ‘যেমন কুকুর তেমন মুগুর’ নীতি। উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্টের পর নিরাপত্তা অজুহাত দেখিয়ে ভারত সরকার বাংলাদেশি নাগরিকদের জন্য ভিসা প্রদানে ব্যাপক কড়াকড়ি আরোপ করেছিল, যা এখনো শিথিল হয়নি। দীর্ঘদিনের সেই অচলাবস্থার প্রেক্ষাপটেই এবার বাংলাদেশ পাল্টা কঠোর পদক্ষেপ নিল বলে ধারণা করা হচ্ছে।
প্রতিবেদক
আন্তর্জাতিক ডেস্ক





