সিডনিতে বন্দুকধারীর হামলায় নিহত অন্তত ১০

অস্ট্রেলিয়ার সিডনির বিখ্যাত বন্ডি সমুদ্র সৈকতে ভয়াবহ বন্দুক হামলায় অন্তত ১০ জন নিহত হয়েছেন। পুলিশ জানিয়েছে, এই ঘটনায় সাধারণ নাগরিকসহ অন্তত ১৪ জন আহত হয়েছেন, যাদের মধ্যে দুইজন পুলিশ সদস্যও রয়েছেন।
রোববার (১৪ ডিসেম্বর) সন্ধ্যায় স্থানীয় সময় এ হামলার ঘটনা ঘটে। এতে পুরো সিডনি শহরজুড়ে আতঙ্ক ও উৎকণ্ঠা ছড়িয়ে পড়ে।
ঘটনার সময় ইহুদি সম্প্রদায়ের ধর্মীয় উৎসব ‘হানুক্কাহ’ উপলক্ষে বন্ডি সৈকতে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। ওই অনুষ্ঠানে শত শত মানুষ উপস্থিত ছিলেন বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যা সাড়ে ছয়টার পর হঠাৎ একাধিক বন্দুকধারী এলোপাতাড়ি গুলি চালাতে শুরু করে। মুহূর্তের মধ্যেই পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং মানুষজন জীবন বাঁচাতে নিরাপদ আশ্রয়ের খোঁজে ছুটতে থাকেন। প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, প্রায় ৫০টির মতো গুলির শব্দ শোনা যায়।
পুলিশ সূত্রে জানানো হয়েছে, হামলার সঙ্গে জড়িত সন্দেহে দুইজনকে আটক করা হয়েছে। এছাড়া পুলিশের গুলিতে অন্তত একজন বন্দুকধারী আহত হয়েছেন বলেও নিশ্চিত করা হয়েছে।
বর্তমানে বন্ডি সমুদ্র সৈকত এলাকায় পুলিশি তৎপরতা জোরদার করা হয়েছে। সাধারণ মানুষকে ওই এলাকা এড়িয়ে চলতে এবং আইনশৃঙ্খলা বাহিনীর নির্দেশনা অনুসরণ করার জন্য জরুরি অনুরোধ জানানো হয়েছে।
এ ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ। তিনি বলেন, বন্ডিতে ঘটে যাওয়া দৃশ্যগুলো ছিল ‘স্তম্ভিতকর এবং গভীরভাবে উদ্বেগজনক’।
সূত্র: আল জাজিরা
প্রতিবেদক
Md Manir Uddin




