সাময়িক বন্ধের পর সচল ঢাকার ভারতীয় ভিসা সেন্টার, কার্যক্রম স্বাভাবিক

নিরাপত্তা শঙ্কায় সাময়িকভাবে বন্ধ থাকার পর আবারও স্বাভাবিক কার্যক্রমে ফিরেছে ঢাকার ভারতীয় ভিসা আবেদন কেন্দ্র (আইভ্যাক)। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) সকাল থেকে যমুনা ফিউচার পার্কে অবস্থিত এই ভিসা সেন্টারের কার্যক্রম পুনরায় শুরু হয়েছে।
ভারতীয় হাইকমিশন সূত্রে জানা গেছে, সকাল থেকেই ভিসা প্রত্যাশীরা তাদের নির্ধারিত সময় অনুযায়ী কেন্দ্রে প্রবেশ করছেন এবং পাসপোর্ট জমা ও ভিসা সংগ্রহের কাজ কোনো বাধা ছাড়াই চলছে।
কেন বন্ধ ছিল ভিসা সেন্টার? এর আগে, গতকাল বুধবার (১৭ ডিসেম্বর) দুপুরে নিরাপত্তা পরিস্থিতির কথা বিবেচনা করে আকস্মিকভাবে ভিসা সেন্টারের কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়।
বুধবার ‘জুলাই ঐক্য’-এর ব্যানারে ‘মার্চ টু ইন্ডিয়ান হাইকমিশন’ বা ভারতীয় দূতাবাস ঘেরাও কর্মসূচির ডাক দেওয়া হয়েছিল। এই কর্মসূচিকে কেন্দ্র করে রাজধানীর গুলশান ও বাড্ডা এলাকায় উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়। উদ্ভুত পরিস্থিতিতে ভিসা আবেদনকারী ও কর্মীদের নিরাপত্তার স্বার্থে বুধবার দুপুর ২টা থেকে কার্যক্রম সাময়িকভাবে স্থগিত করে কর্তৃপক্ষ।
তবে আজকের পরিস্থিতি স্বাভাবিক থাকায় এবং পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত হওয়ায় আইভ্যাক তাদের নিয়মিত সেবা কার্যক্রম আবার চালু করেছে।
প্রতিবেদক
Md Arif Mainuddin





