🗳️আসছে নির্বাচন ২০২৬ - আপনার মতামত দিন!
আন্তর্জাতিক

‘শেষ রক্তবিন্দু দিয়ে লড়ব’: ট্রাম্পকে চরম হুঁশিয়ারি ইরানের

ইরানের প্রতিরক্ষামন্ত্রী আজিজ নাসিরজাদেহ। ফাইল ছবি

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সামরিক হস্তক্ষেপের হুমকির কড়া জবাব দিয়েছে তেহরান। ইরানের প্রতিরক্ষামন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল আজিজ নাসিরজাদেহ স্পষ্ট জানিয়ে দিয়েছেন, ইরানে কোনো হামলা চালানো হলে শত্রুর জন্য ‘অনেক চমক’ অপেক্ষা করছে। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, প্রয়োজনে শেষ রক্তবিন্দু দিয়ে হলেও তারা দেশকে রক্ষা করবেন।

ইরানে চলমান অভ্যন্তরীণ অস্থিরতার প্রেক্ষাপটে ট্রাম্প সম্প্রতি সামরিক হস্তক্ষেপের হুমকি দেন। বুধবার (১৪ জানুয়ারি) এক নিরাপত্তা বৈঠকে এর জবাবে নাসিরজাদেহ এই মন্তব্য করেন বলে জানিয়েছে প্রেস টিভি ও আল জাজিরা।

‘শত্রুর জন্য চমক অপেক্ষা করছে’

নিরাপত্তা বৈঠকে প্রতিরক্ষামন্ত্রী বলেন, "ট্রাম্পের এই হুমকিগুলো যদি বাস্তব রূপ নেয়, তবে আমরা শেষ রক্তবিন্দু পর্যন্ত পূর্ণ শক্তিতে দেশকে রক্ষা করব এবং আমাদের প্রতিরোধ তাদের জন্য হবে যন্ত্রণাদায়ক। শত্রুরা কল্পনাও করতে পারবে না তাদের জন্য কী চমক অপেক্ষা করছে।"

তিনি আরও দাবি করেন, গত জুন মাসে ইসরায়েলের সঙ্গে ১২ দিনের যুদ্ধে যে ক্ষয়ক্ষতি হয়েছিল, ইরান তা ইতোমধ্যে কাটিয়ে উঠেছে এবং তাদের সামরিক উৎপাদন সক্ষমতা আগের চেয়ে বৃদ্ধি পেয়েছে।

সৌদি-আমিরাত-তুরস্ককে সতর্কবার্তা

ইরান শুধু যুক্তরাষ্ট্রকেই নয়, বরং প্রতিবেশী দেশগুলোর ওপরও চাপ সৃষ্টি করেছে। তেহরান স্পষ্ট করে দিয়েছে যে, ওয়াশিংটন যদি ইরানে হামলা চালায়, তবে ওই অঞ্চলের দেশগুলোতে থাকা মার্কিন সামরিক ঘাঁটিগুলো আর নিরাপদ থাকবে না।

ইরান ইন্টারন্যাশনালের প্রতিবেদনে এক জ্যেষ্ঠ ইরানি কর্মকর্তার বরাত দিয়ে রয়টার্স জানায়, "তেহরান সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত এবং তুরস্কসহ আঞ্চলিক দেশগুলোকে সাফ জানিয়ে দিয়েছে যে, যুক্তরাষ্ট্র যদি তাদের মাটি ব্যবহার করে ইরানকে লক্ষ্য করে হামলা চালায়, তবে পাল্টা আঘাত হিসেবে ওই দেশগুলোর মার্কিন ঘাঁটিতে হামলা চালানো হবে।"

ইরান প্রতিবেশী দেশগুলোকে যুক্তরাষ্ট্রের যেকোনো হামলা ঠেকাতে বা তাদের মাটি ব্যবহার করতে না দেওয়ার অনুরোধও জানিয়েছে। বিশ্লেষকরা মনে করছেন, ইরানের এই হুমকি পুরো মধ্যপ্রাচ্যকে আবারও বড় ধরনের যুদ্ধের ঝুঁকিতে ফেলে দিল।

#ইরান যুক্তরাষ্ট্র উত্তেজনা#ডোনাল্ড ট্রাম্প#মধ্যপ্রাচ্য সংকট#ইরান যুদ্ধ#মার্কিন ঘাঁটি#আজিজ নাসিরজাদেহ#তৃতীয় বিশ্বযুদ্ধ#Iran vs USA#Middle East Tension#World News BD

প্রতিবেদক

আন্তর্জাতিক ডেস্ক

মতামত জানাও (0)

সকলের সাথে আপনার চিন্তা শেয়ার করুন

মতামত জানাতে লগিন করুন

আপনার সোশ্যাল মিডিয়া একাউন্ট ব্যবহার করে সহজেই লগিন করতে পারেন

লোড হচ্ছে...