ব্রেকিং: ‘বাংলাদেশি’ সন্দেহে গণপিটুনি! ভারতে প্রাণ গেল শ্রমিকের

কাজের সন্ধানে ভিন রাজ্যে গিয়ে মর্মান্তিক পরিণতির শিকার হলেন ভারতের এক যুবক। কেবল ‘বাংলাদেশি’ সন্দেহে পিটিয়ে হত্যা করা হলো ছত্তিশগড়ের এক শ্রমিককে। ভারতের কেরালা রাজ্যের পালাক্কাদ জেলায় এই নৃশংস ঘটনাটি ঘটে।
নিহত ওই যুবকের নাম রামনারায়ণ বাঘেল (৩১)। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি (ndtv.com)-এর এক প্রতিবেদনে এই লোমহর্ষক ঘটনার বিস্তারিত উঠে এসেছে।
ঘটনার বিবরণ এনডিটিভির প্রতিবেদন অনুযায়ী, গত ১৭ ডিসেম্বর কেরালার পালাক্কাদ জেলার আত্তাপাল্লম এলাকায় স্থানীয়রা চোর সন্দেহে রামনারায়ণকে আটক করে। এরপর তার পরিচয় নিয়ে প্রশ্ন তোলার একপর্যায়ে উত্তেজিত জনতা তাকে ‘বাংলাদেশি’ আখ্যা দিয়ে নির্মমভাবে পেটাতে শুরু করে।
পুলিশ জানায়, ওই যুবকের কাছে কোনো চোরাই মাল পাওয়া যায়নি। অথচ ময়নাতদন্তের রিপোর্টে তার শরীরে ৮০টিরও বেশি আঘাতের চিহ্ন পাওয়া গেছে। মাথায় গুরুতর আঘাত ও অতিরিক্ত রক্তক্ষরণের কারণেই তার মৃত্যু হয়েছে বলে চিকিৎসকরা নিশ্চিত করেছেন।
ভাইরাল ভিডিওতে ‘বাংলাদেশি’ তকমা ঘটনার একটি ৩১ সেকেন্ডের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। সেখানে দেখা যায়, উত্তেজিত জনতা বারবার রামনারায়ণকে ‘বাংলাদেশি’ বলে সম্বোধন করছে। ভিডিওতে একজনকে বলতে শোনা যায়, "তোর ভাষা কী? তোর বাড়ি কোথায়?" রামনারায়ণ উত্তর দেওয়ার চেষ্টা করলেই পাশ থেকে অন্যরা চিৎকার করে বলে ওঠে, "তুই বাংলাদেশি।"
মারধরের একপর্যায়ে আধমরা রামনারায়ণ জানান, তার বোন গ্রামে থাকেন। তখন ভিডিও ধারণকারী ব্যঙ্গ করে বলে, "তোর বোনও বাংলাদেশি।" এরপর আবারও চলে অমানবিক নির্যাতন।
গ্রেপ্তার ও প্রতিক্রিয়া এ ঘটনায় কেরালা পুলিশ ভারতীয় ন্যায় সংহিতা (BNS)-এর আওতায় মামলা রুজু করেছে এবং মুরলি, প্রসাদ, অনু, বিপিন ও আনন্দন নামের ৫ স্থানীয় বাসিন্দাকে গ্রেপ্তার করেছে। পুলিশ নিশ্চিত করেছে, নিহত রামনারায়ণের কোনো অপরাধমূলক রেকর্ড ছিল না। তিনি কেবল জীবিকার তাগিদে কেরালায় গিয়েছিলেন।
নিহত রামনারায়ণ দুই শিশুপুত্রের জনক। তার মৃত্যুতে ছত্তিশগড়ের স্বরাষ্ট্রমন্ত্রী বিজয় শর্মা তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন এবং নিহতের পরিবারকে সব ধরনের সহায়তার আশ্বাস দিয়েছেন।
প্রতিবেদক
আন্তর্জাতিক ডেস্ক





