‘বুলেট এসে বুকটা বিদ্ধ করবে’ - নিজের মৃত্যুকে নিয়ে শরিফ ওসমানের সেই স্বপ্নই আজ সত্যি হলো

সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে না ফেরার দেশে পাড়ি জমালেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র এবং ঢাকা-৮ আসনের তরুণ স্বপ্নদ্রষ্টা শরিফ ওসমান বিন হাদি। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
তাঁর মৃত্যুতে শোকস্তব্ধ রাজনৈতিক অঙ্গন। তবে মৃত্যুর পর সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে তাঁর পুরনো একটি ভিডিও সাক্ষাৎকার। সেখানে তিনি নিজের মৃত্যু নিয়ে যে আকাঙ্ক্ষা প্রকাশ করেছিলেন, তা যেন আজ মর্মান্তিকভাবেই বাস্তবে রূপ নিল।
কী বলেছিলেন সেই ভিডিওতে?
জীবদ্দশায় দেওয়া ওই সাক্ষাৎকারে শরিফ ওসমান বিন হাদি বলেছিলেন, একজন রাজনীতিক বা বিপ্লবীর মৃত্যু কখনো ঘরে বিছানায় শুয়ে হওয়া উচিত নয়। তিনি স্বপ্ন দেখতেন রাজপথে অন্যায়ের প্রতিবাদ করতে গিয়ে শহীদি মৃত্যুর।
ভিডিওতে তার বলা কথাগুলো ছিল হুবহু এমন:
"আমার একটা মনে হয় কি, কোন রাজনীতিবিদ... বাসায় মৃত্যুটা হতে পারে না। এটা কোন ভালো মৃত্যু না। যিনি রাজনীতি করেন, যিনি লড়াই করেন... তার মৃত্যুটা হবে একটা সংগ্রামের মধ্য দিয়ে, একটা রাজপথে, একটা গ্লোরির (Glory) মৃত্যু। আমি তো ভীষণভাবে প্রত্যাশা করি... যে একটা তুমুল মিছিল হচ্ছে, অন্যায়ের বিরুদ্ধে। সেই মিছিলের সামনে আমি আছি... কোন একটা বুলেট এসে আমার বুকটা হয়তো বিদ্ধ করে দিয়েছে। এবং সেই মিছিলে আমি হাসতে হাসতে শহীদ হয়ে গেছি।"
বিধাতার কি লিখন! তাঁর সেই কথাই আজ সত্য হলো। ঘাতকের বুলেটেই বিদ্ধ হয়ে অকালে ঝরে গেল এই তরুণের প্রাণ।
যেভাবে হামলার শিকার হন
গত ১২ ডিসেম্বর, বৃহস্পতিবার দুপুর ২টা ২০ মিনিটের দিকে রাজধানীর পল্টনের বক্স কালভার্ট রোড দিয়ে যাওয়ার সময় নির্মম হামলার শিকার হন শরিফ ওসমান। অটোরিকশায় থাকা অবস্থায় মোটরসাইকেলে আসা দুর্বৃত্তরা তাঁকে লক্ষ্য করে গুলি চালায়। গুলিবিদ্ধ অবস্থায় তাঁকে প্রথমে ঢাকার একটি হাসপাতালে এবং পরে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়া হয়। টানা ৬ দিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে অবশেষে ১৮ ডিসেম্বর তিনি পৃথিবী থেকে বিদায় নেন।
ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে তাকে ‘শহীদ’ হিসেবে আখ্যায়িত করা হয়েছে এবং তার হত্যাকারীদের দ্রুত বিচারের দাবি জানানো হয়েছে। আল্লাহ তাকে জান্নাতুল ফেরদাউস নসিব করুন।
প্রতিবেদক
Md Arif Mainuddin





