নিজামের ১৭০ কোটি রুপির রাজপ্রাসাদে পুতিন: কী আছে এই ‘হায়দ্রাবাদ হাউসে’?

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন দিল্লির ঐতিহাসিক হায়দ্রাবাদ হাউসে থাকছেন। ছবি: সিদ্ধান্ত সিবাল-এর এক্স (X) হ্যান্ডেল থেকে সংগৃহীত
ভারতে দুই দিনের সফরে এসে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন উঠেছেন ঐতিহাসিক ‘হায়দ্রাবাদ হাউসে’। একসময় বিশ্বের অন্যতম ধনী ব্যক্তি ও হায়দ্রাবাদের শেষ নিজাম মীর ওসমান আলী খানের তৈরি এই প্রাসাদ এখন ভারতের প্রধানমন্ত্রীর রাষ্ট্রীয় অতিথি ভবন। প্রায় ১০০ বছরের পুরনো এই রাজকীয় ভবনের আভিজাত্য, ইতিহাস এবং বর্তমান মূল্য সবাইকে তাক লাগিয়ে দেওয়ার মতো।
১৭০ কোটি রুপির রাজপ্রাসাদ ১৯২০-এর দশকে নিজাম যখন এই প্রাসাদ নির্মাণ করেন, তখন ব্যয় হয়েছিল প্রায় ২ লাখ পাউন্ড। বর্তমান বাজারমূল্য ও মুদ্রাস্ফীতি বিবেচনা করলে ২০২৪-২৫ সালে এর মূল্য দাঁড়ায় প্রায় ১৭০ কোটি রুপি। নয়াদিল্লির ইন্ডিয়া গেটের কাছে ৮.২ একর জমিতে বিস্তৃত এই প্রাসাদটি সেই সময়ের সবচেয়ে বড় ও জাঁকজমকপূর্ণ স্থাপনা।
নকশা ও ‘প্রজাপতি’ রহস্য হায়দ্রাবাদ হাউসের নকশা করেছিলেন বিখ্যাত ব্রিটিশ স্থপতি এডউইন লুটিয়েন্স। এটি দেখতে একটি দুর্লভ প্রজাপতির মতো।
বাইরে থেকে: প্রাসাদের সম্মুখভাগের প্রবেশপথ ষড়ভুজ আকৃতির, যা রাস্তার দিকে তাক করা। দুই পাশের ডানাগুলো প্রজাপতির মতো ছড়িয়ে আছে।
ভেতর মহল: ৩৬টি কক্ষবিশিষ্ট এই প্রাসাদে রয়েছে বিশাল উন্মুক্ত আঙিনা, রাজকীয় সিঁড়ি, ফায়ারপ্লেস এবং ফোয়ারা।
স্থাপত্যশৈলী: ইউরোপীয় এবং মোগল স্থাপত্যরীতির এক অনন্য সংমিশ্রণ এই ভবন। এর গম্বুজটি রোমের প্যানথিয়ন মন্দির এবং খিলানগুলো ফ্লোরেন্সের উফিজি গ্যালারি থেকে অনুপ্রাণিত।
নিজামের জেদ ও ব্রিটিশদের শর্ত ব্রিটিশরা যখন রাজধানী কলকাতা থেকে দিল্লিতে স্থানান্তর করে, তখন নিজাম চেয়েছিলেন ভাইসরয়ের বাড়ির (বর্তমান রাষ্ট্রপতি ভবন) কাছে বিশাল প্রাসাদ বানাতে। কিন্তু ব্রিটিশরা তাকে মাত্র ৩ কিলোমিটার দূরে জমি দেয়। নিজাম চেয়েছিলেন তার প্রাসাদ ভাইসরয়ের প্রাসাদের সমান হোক, কিন্তু সেই অনুমতিও মেলেনি। তবে আকারের দিক থেকে এটি অন্য সব রাজাদের প্রাসাদের চেয়ে ছিল বিশাল।
ভিভিআইপিদের ঠিকানা বর্তমানে এটি ভারত সরকারের রাষ্ট্রীয় অতিথি ভবন হিসেবে ব্যবহৃত হয়। ভ্লাদিমির পুতিন ছাড়াও এর আগে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিনটন, জর্জ ডব্লিউ বুশ এবং যুক্তরাজ্যের সাবেক প্রধানমন্ত্রী গর্ডন ব্রাউনের মতো বিশ্বনেতারা এই প্রাসাদে অতিথি হয়ে ছিলেন।
প্রতিবেদক
আন্তর্জাতিক ডেস্ক




