দেশে ফিরছেন ‘শহীদ’ হাদি: বিমানবন্দর থেকে সরাসরি ঢাবি মসজিদে, রাস্তার দুপাশে থাকবেন অনুসারীরা

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও অকুতোভয় বিপ্লবী ‘শহীদ’ ওসমান বিন হাদির নিথর দেহ আজ সন্ধ্যায় দেশে ফিরছে। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তার কফিন সরাসরি নিয়ে যাওয়া হবে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) কেন্দ্রীয় মসজিদে। সেখানেই সর্বসাধারণ তাকে শেষবারের মতো দেখার সুযোগ পাবেন।
শুক্রবার (১৯ ডিসেম্বর) বিকেলে ইনকিলাব মঞ্চের ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে দেওয়া এক পোস্টে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
কখন পৌঁছাবে মরদেহ? ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে জানানো হয়, সিঙ্গাপুরের স্থানীয় সময় বিকেল ৩টা ৫০ মিনিটে বাংলাদেশ বিমানের একটি বাণিজ্যিক ফ্লাইটে হাদির মরদেহ নিয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা হওয়া হয়েছে। ফ্লাইটটি আজ সন্ধ্যা ৬টা ৫ মিনিটের দিকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করার কথা রয়েছে।
রাস্তার দুপাশে থাকবেন অনুসারীরা প্রিয় নেতাকে গ্রহণ করতে এবং তার প্রতি শেষ শ্রদ্ধা জানাতে অনুসারীদের রাস্তার দুপাশে অবস্থানের আহ্বান জানানো হয়েছে। সংগঠনের পোস্টে আবেঘন ভাষায় বলা হয়েছে:
"আমাদের জুলাই জজবার প্রাণ, স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষার অকুতোভয় বীরকে গ্রহণ করতে আমরা সবাই এয়ারপোর্ট থেকে শাহবাগগামী রাস্তার দুইপাশে সুশৃঙ্খলভাবে অবস্থান নেবো। সেখান থেকে শহীদ ওসমান হাদিকে সর্বসাধারণের সাক্ষাতের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদে আনা হবে।"

শোকস্তব্ধ সহযোদ্ধারা গত ১২ ডিসেম্বর পল্টনে গুলিবিদ্ধ হওয়ার পর গতকাল বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান ওসমান হাদি। তার এই অকাল প্রস্থানে সহযোদ্ধা ও অনুসারীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। বিমানবন্দর থেকে ঢাবি মসজিদ পর্যন্ত তাকে শেষ বিদায় জানাতে ব্যাপক জনসমাগমের প্রস্তুতি নেওয়া হচ্ছে।
প্রতিবেদক
Md Manir Uddin




