🗳️আসছে নির্বাচন ২০২৬ - আপনার মতামত দিন!
জাতীয়রাজনীতি

দীর্ঘ ১৬ বছর পর দেশে ফিরছেন তারেক রহমান, আজ লন্ডন ছাড়বেন

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ছবি: সংগৃহীত

দীর্ঘ দেড় দশকের বেশি সময় পর দেশে ফিরছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। যুক্তরাজ্য সময় বুধবার (২৪ ডিসেম্বর) সন্ধ্যায় লন্ডন থেকে ঢাকার উদ্দেশে রওনা দেওয়ার কথা রয়েছে তার। সবকিছু পরিকল্পনা অনুযায়ী থাকলে বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে তিনি দেশের মাটিতে পা রাখবেন।

তারেক রহমানের সঙ্গে দেশে ফিরছেন তার স্ত্রী ডা. জুবাইদা রহমান এবং কন্যা জাইমা রহমান। তার এই প্রত্যাবর্তনকে ঘিরে রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা ও আগ্রহ তৈরি হয়েছে।

এদিকে তার দেশে ফেরা উপলক্ষে রাজধানীতে ব্যাপক প্রস্তুতি নিয়েছে বিএনপি। দলটির পক্ষ থেকে জানানো হয়েছে, তারেক রহমানকে স্বাগত জানাতে ঢাকায় স্মরণকালের অন্যতম বড় গণসংবর্ধনার আয়োজন করা হয়েছে। বিমানবন্দর থেকে সরাসরি রাজধানীর কুড়িল সংলগ্ন পূর্বাচল হাইওয়ে এক্সপ্রেস এলাকায় যাবেন তিনি। সেখানেই অনুষ্ঠিত হবে সংবর্ধনা অনুষ্ঠান।

বিএনপি নেতারা আশা করছেন, এই আয়োজনে দেশের বিভিন্ন প্রান্ত থেকে বিপুলসংখ্যক নেতাকর্মী ও সমর্থক উপস্থিত হবেন। অংশগ্রহণের দিক থেকে এটি অতীতের রাজনৈতিক সমাবেশ ও সংবর্ধনাগুলোকে ছাড়িয়ে যেতে পারে বলেও তাদের ধারণা। দলীয় নেতাদের পাশাপাশি সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতির প্রত্যাশাও করা হচ্ছে।

দলীয় সূত্র জানায়, বৃহস্পতিবার বেলা ১১টা ৪৫ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের। তার আগমনকে কেন্দ্র করে পূর্বাচল এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। একই সঙ্গে দলীয় স্বেচ্ছাসেবকরাও শৃঙ্খলা বজায় রেখে কর্মসূচি বাস্তবায়নে কাজ করছেন।

সংবর্ধনা অনুষ্ঠান আয়োজনের জন্য ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয় থেকে আনুষ্ঠানিক অনুমতিও পেয়েছে বিএনপি। মঞ্চ নির্মাণসহ সার্বিক প্রস্তুতি এখন প্রায় শেষ পর্যায়ে রয়েছে। এরই মধ্যে দফায় দফায় দলের শীর্ষ নেতারা অনুষ্ঠানস্থল পরিদর্শন করে প্রস্তুতির অগ্রগতি পর্যবেক্ষণ করছেন।

উল্লেখ্য, ওয়ান–ইলেভেন সরকারের সময় ২০০৮ সালে কারামুক্ত হয়ে সপরিবারে যুক্তরাজ্যে যান তারেক রহমান। এরপর দীর্ঘ সময় তিনি সেখানেই অবস্থান করছিলেন। যদিও তার স্ত্রী ডা. জুবাইদা রহমান একাধিকবার দেশে এলেও এতদিন তার নিজ দেশে ফেরা সম্ভব হয়নি।

দীর্ঘ অপেক্ষার পর এবার সেই প্রত্যাবর্তন বাস্তব হতে যাচ্ছে, যা দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন মাত্রা যোগ করতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা।

#তারেক রহমান#বিএনপি#তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন#জুবাইদা রহমান#জায়মা রহমান#বিএনপির সমাবেশ#রাজনীতির খবর#ব্রেকিং নিউজ#আজকের খবর#শাহজালাল বিমানবন্দর#Tarek Rahman Return#BNP News#Bangladesh Politics

প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

মতামত জানাও (0)

সকলের সাথে আপনার চিন্তা শেয়ার করুন

মতামত জানাতে লগিন করুন

আপনার সোশ্যাল মিডিয়া একাউন্ট ব্যবহার করে সহজেই লগিন করতে পারেন

লোড হচ্ছে...