ওসমান হাদির জন্য আগামী ৪৮–৭২ ঘণ্টা অত্যন্ত গুরুত্বপূর্ণ

রাজধানীর বিজয়নগরে দুষ্কৃতিকারীদের গুলিতে গুরুতর আহত ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির শারীরিক অবস্থা এখনও সংকটাপন্ন। চিকিৎসকদের মতে, তার জন্য আগামী ৪৮ থেকে ৭২ ঘণ্টা অত্যন্ত গুরুত্বপূর্ণ সময়। এই সময় তাকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হবে।
যদিও বিষয়টি এখনো আনুষ্ঠানিকভাবে চিকিৎসকরা গণমাধ্যমকে নিশ্চিত করেননি, তবে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে— এ ধরনের জটিল রোগীদের ক্ষেত্রে প্রাথমিক ৪৮ থেকে ৭২ ঘণ্টার চিকিৎসা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই সময়ে দেওয়া চিকিৎসায় শরীর কীভাবে সাড়া দেয়, সেটির ওপর পরবর্তী চিকিৎসা নির্ভর করবে।
জানা গেছে, হাদির চিকিৎসার জন্য গঠিত মেডিকেল বোর্ড শুক্রবার সকালে তাকে পর্যবেক্ষণ করে। বোর্ডের পক্ষ থেকে জানানো হয়েছে, তার অবস্থা এখনও শঙ্কামুক্ত নয়। বিষয়টি পরিবারের সদস্যদেরও অবহিত করা হয়েছে।
হাদির শারীরিক অবস্থা সম্পর্কে গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান জানান, চিকিৎসকরা সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছেন। তিনি সবাইকে হাদির দ্রুত সুস্থতার জন্য দোয়া করার আহ্বান জানান।
উল্লেখ্য, শুক্রবার (১২ ডিসেম্বর) দুপুরে বিজয়নগর পানির ট্যাংকির সামনে রিকশায় চলন্ত অবস্থায় মোটরসাইকেলে আসা দুই দুর্বৃত্ত শরীফ ওসমান হাদিকে গুলি করে পালিয়ে যায়। পরে গুরুতর আহত অবস্থায় তাকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে এক দফা অস্ত্রোপচারের পর রাতেই উন্নত চিকিৎসার জন্য তাকে এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়।
প্রতিবেদক
Md Arif Mainuddin





