৮ কুকুরছানা হত্যা: ক্ষুব্ধ জয়া আহসান, গ্রেফতার ১

পাবনার ঈশ্বরদীতে নির্মমভাবে ৮টি কুকুরছানাকে বস্তাবন্দি করে পুকুরে ফেলে হত্যার ঘটনায় ফুঁসছে সামাজিক যোগাযোগমাধ্যম। এই নিষ্ঠুরতার বিরুদ্ধে কঠোর প্রতিবাদ জানিয়েছেন জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। এদিকে এ ঘটনায় অভিযুক্ত সরকারি কর্মকর্তার স্ত্রী নিশি আক্তারকে (৩৮) গ্রেফতার করেছে পুলিশ।
জয়া আহসানের ক্ষোভ প্রাণীপ্রেমী হিসেবে পরিচিত অভিনেত্রী জয়া আহসান নিজের ভেরিফায়েড ফেসবুকে লিখেছেন:
“ঈশ্বরদীতে আটটি কুকুরের বাচ্চাকে মেরে ফেলল নির্দয়, নিষ্ঠুর, মানসিক ভারসাম্যহীন মানুষ! খুনির কঠোরতম শাস্তি চাই।”
তার এই পোস্টে একাত্মতা প্রকাশ করে নেটিজেনরা প্রাণী নির্যাতন আইনের কঠোর প্রয়োগের দাবি জানিয়েছেন।
ঘটনার নির্মম বর্ণনা প্রায় এক সপ্তাহ আগে ঈশ্বরদী উপজেলা পরিষদ চত্বরের একটি সরকারি বাসভবনের আঙিনায় আটটি ছানার জন্ম দেয় একটি মা কুকুর। গত রোববার রাতে ওই ভবনে বসবাসরত ক্ষুদ্র কৃষক ফাউন্ডেশন কর্মকর্তা হাসানুর রহমানের স্ত্রী নিশি আক্তার অমানবিকভাবে ছানাগুলোকে বস্তাবন্দি করে পুকুরে ডুবিয়ে মারেন।
পরদিন সকালে মা কুকুরটির আর্তনাদ দেখে স্থানীয়রা পুকুরে ভাসমান বস্তা উদ্ধার করলে ৮টি মৃত ছানা পাওয়া যায়।
মামলা ও গ্রেফতার এ ঘটনায় মঙ্গলবার রাতে ঈশ্বরদী উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আকলিমা খাতুন বাদী হয়ে ‘প্রাণী কল্যাণ আইন-২০১৯’ এর ৭ ধারায় মামলা করেন। মামলার পর রাতেই রহিমপুর গার্লস স্কুলের পাশের একটি বাড়ি থেকে অভিযুক্ত নিশি আক্তারকে গ্রেফতার করে পুলিশ।
ঈশ্বরদী থানার ওসি আ স ম আবদুন নূর জানান, অভিযুক্তকে আইনের আওতায় আনা হয়েছে। এছাড়া উপজেলা প্রশাসনের পক্ষ থেকে অভিযুক্তের স্বামীকে সরকারি বাসভবন ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে।
প্রতিবেদক
বিনোদন ও জেলা প্রতিনিধি
