আবরার-রিফাতের নৈপুণ্যে আফগানদের হারিয়ে শুভ সূচনা যুবাদের

জাওয়াদ আবরার ও রিফাত বেগের দুর্দান্ত ব্যাটিংয়ে আফগানিস্তানকে হারিয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ শুরু করল বাংলাদেশ। বড় লক্ষ্য তাড়া করতে নেমে দুই ওপেনারের বিশাল জুটিতেই জয়ের ভিত গড়ে নেয় লাল-সবুজরা। শেষদিকে কিছুটা চাপে পড়লেও শেষ পর্যন্ত জয় নিশ্চিত করে মাঠ ছাড়ে যুবা টাইগাররা। একই সঙ্গে গড়ে ওঠে একটি নতুন রেকর্ড, যদিও আবরারের সেঞ্চুরি মিসের আক্ষেপ রয়ে গেছে।
দুবাইয়ে শনিবার (১৩ ডিসেম্বর) টুর্নামেন্টে নিজেদের প্রথম ম্যাচে আফগানিস্তানকে ৩ উইকেটের ব্যবধানে হারায় বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। ২৮৪ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ৭ বল হাতে রেখে ৭ উইকেট হারিয়ে জয় নিশ্চিত করে তারা। দলের পক্ষে সর্বোচ্চ ৯৬ রান করেন ওপেনার জাওয়াদ আবরার।
রান তাড়ায় নেমে শুরু থেকেই দাপট দেখান আবরার ও রিফাত। ২৭তম ওভারে রিফাত আউট হওয়ার আগে তাদের জুটিতে আসে ১৫১ রান। ৬৮ বলে ৫ চার ও ২ ছক্কায় ৬২ রান করে রিফাত আউট হন। এরপর ১১২ বলে ৯ চার ও ৬ ছক্কায় ৯৬ রান করে সাজঘরে ফেরেন আবরার।
দুজনের বিদায়ের পর কালাম সিদ্দিকীকে সঙ্গে নিয়ে ইনিংস গুছিয়ে নেন অধিনায়ক আজিজুল হাকিম তামিম। তাদের ৬৬ রানের জুটি ভাঙে ৪৩তম ওভারে কালামের বিদায়ে। ৩৬ বলে ৫ চারে ২৯ রান করেন কালাম। তামিম করেন ৪৮ বলে ৪৭ রান, যেখানে ছিল ৩ ছক্কা ও ২ চার।
জয়ের জন্য তখন প্রয়োজন ছিল ৩৩ বলে ৩৫ রান। ৪৭তম ওভারে পরপর দুই উইকেট হারিয়ে কিছুটা চাপ তৈরি হলেও রিজান হোসেন ও শেখ পারভেজ জীবন শেষ পর্যন্ত দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন। রিজান ১৩ বলে ১৭ রানে অপরাজিত থাকেন। জীবন ৭ বলে ১৩ রান করে আউট হন।
আফগানিস্তানের পক্ষে সর্বোচ্চ ২ উইকেট নেন রুহউল্লাহ আরব, খরচ করেন ৪৮ রান।
এর আগে টস জিতে ব্যাট করতে নেমে ফয়সাল শিনোজাদার সেঞ্চুরিতে ৫০ ওভারে ৭ উইকেটে ২৮৩ রান তোলে আফগানিস্তান। ফয়সাল ৯৪ বলে ৮ চার ও ৪ ছক্কায় ১০৩ রান করেন। এছাড়া উজাইরউল্লাহ নিয়াজাই ৪৪ ও ওসমান সাদাত ৩৪ রান করেন।
বাংলাদেশের হয়ে ২টি করে উইকেট নেন ইকবাল হোসেন ইমন ও শাহরিয়ার ইমন। এছাড়া সাদ ইসলাম, সামিউন বশির ও রিজান হোসেন নেন ১টি করে উইকেট।
এই জয়ের মাধ্যমে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ইতিহাসে সর্বোচ্চ রান তাড়া করে জয়ের নতুন রেকর্ড গড়ে বাংলাদেশ। এর আগে ২০১৮ সালে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে ২৬৮ রান তাড়া করে জিতেছিল নেপাল।
‘বি’ গ্রুপে বাংলাদেশের পরের ম্যাচ ১৫ ডিসেম্বর নেপালের বিপক্ষে। গ্রুপ পর্বে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচটি অনুষ্ঠিত হবে ১৭ ডিসেম্বর। এশিয়া কাপ শেষে আগামী জানুয়ারিতে জিম্বাবুয়েতে অনুষ্ঠিত অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে অংশ নেবে যুবা টাইগাররা।
প্রতিবেদক
Md Arif Mainuddin





