‘আইসিসি ভারতের কথায় ওঠবস না করলে ভেন্যু শ্রীলঙ্কাই হবে’

বিশ্বকাপ ইস্যুতে কথা বলেছেন ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল। ছবি: সংগৃহীত
টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬-এর ভেন্যু এবং নিরাপত্তা ইস্যুতে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলকে (আইসিসি) কঠোর বার্তা দিয়েছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল। তিনি সাফ জানিয়ে দিয়েছেন, আইসিসি যদি ভারতের কথায় ওঠবস না করে এবং প্রকৃতপক্ষেই একটি বৈশ্বিক সংস্থা হয়ে থাকে, তবে বাংলাদেশের ম্যাচগুলো অবশ্যই শ্রীলঙ্কায় স্থানান্তর করা উচিত।
সোমবার (১২ জানুয়ারি) বাফুফে ভবনে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। ভারতের বর্তমান ‘উগ্র সাম্প্রদায়িক’ পরিস্থিতির কারণে সেখানে বাংলাদেশের খেলা অসম্ভব বলেও মন্তব্য করেন তিনি।
‘আইসিসি ভারতের কথায় ওঠবস করলে মানব না’
ক্রীড়া উপদেষ্টা বলেন, "আইসিসি যদি সত্যিই গ্লোবাল অর্গানাইজেশন হয় এবং ভারতের কথায় ওঠবস না করে, তবে অবশ্যই বাংলাদেশকে শ্রীলংকায় খেলার সুযোগ দেওয়া উচিত। এই প্রশ্নে আমরা কোনো রকম নতি স্বীকার করব না।"
মোস্তাফিজ ইস্যু ও অবাস্তব প্রত্যাশা:
"আইসিসি যদি আশা করে আমরা আমাদের শ্রেষ্ঠ বোলারকে (মোস্তাফিজুর রহমান) বাদ দিয়ে দল গড়ব, সমর্থকরা জার্সি পরতে পারবে না আর খেলার জন্য নির্বাচন পিছিয়ে দেব, তবে এর চেয়ে অবাস্তব প্রত্যাশা আর হতে পারে না।" — আসিফ নজরুল
ভারতে খেলার পরিবেশ নেই
আসিফ নজরুল অভিযোগ করে বলেন, ভারতে গত ১৬ মাস ধরে বাংলাদেশ-বিদ্বেষী যে উগ্র সাম্প্রদায়িক প্রচারণা চলছে, তাতে সেখানে ক্রিকেট খেলার মতো কোনো সুস্থ পরিবেশ নেই। তিনি বলেন,
"যেখানে ভারতের জাতীয় ক্রিকেট বোর্ড—একটি ন্যাশনাল অথরিটি—উগ্র সাম্প্রদায়িক শক্তির কাছে মাথা নত করে বলে যে আমাদের প্লেয়ারকে (মোস্তাফিজ) যেন না খেলানো হয়, এর চেয়ে বড় প্রমাণ আর কী লাগে? এটা সন্দেহাতীতভাবে প্রমাণ করে যে ভারতে আমাদের খেলার কোনো পরিবেশ নেই।"
বিকল্প ভেন্যু: পাকিস্তান বা আমিরাত
ভারত যদি নিরাপত্তা দিতে ব্যর্থ হয়, তবে বিকল্প ভেন্যুর প্রস্তাবও স্বাগত জানান ক্রীড়া উপদেষ্টা। তিনি বলেন, "আমি পত্রিকায় দেখলাম, পাকিস্তান নাকি আমাদের টুর্নামেন্টগুলো আয়োজন করার প্রস্তাব দিয়েছে। পাকিস্তানে করেন কোনো সমস্যা নাই, সংযুক্ত আরব আমিরাতে করেন কোনো সমস্যা নাই। কিন্তু ভারতের অনিরাপদ পরিবেশে আমরা খেলব না।"
উল্লেখ্য, ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের যৌথ আয়োজক ভারত ও শ্রীলঙ্কা। নিরাপত্তা শঙ্কায় বাংলাদেশ তাদের ম্যাচগুলো ভারতের পরিবর্তে শ্রীলঙ্কায় খেলার দাবি জানিয়ে আসছে।
প্রতিবেদক
স্পোর্টস ডেস্ক





