বিপিএল: টস জিতে ফিল্ডিংয়ে রংপুর, চট্টগ্রামের একাদশে ইংলিশ চমক

ছবি: সংগৃহীত
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) চলতি আসরে নিজেদের প্রথম ম্যাচ খেলতে নামছে তারকাবহুল রংপুর রাইডার্স। আসরের অন্যতম শক্তিশালী এই দলটির প্রতিপক্ষ আগের ম্যাচেই জয় দিয়ে আসর শুরু করা চট্টগ্রাম রয়্যালস।
সোমবার (২৯ ডিসেম্বর) হাইভোল্টেজ এই ম্যাচে টস জিতেছেন রংপুর রাইডার্সের অধিনায়ক নুরুল হাসান সোহান। টস জিতে তিনি প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছেন। অর্থাৎ, প্রথমে ব্যাট করতে নামবে চট্টগ্রাম রয়্যালস।
চট্টগ্রামের একাদশে এক পরিবর্তন
নিজেদের প্রথম ম্যাচে নোয়াখালী এক্সপ্রেসকে ৬৫ রানের বিশাল ব্যবধানে হারিয়েছিল চট্টগ্রাম। তবে উইনিং কম্বিনেশন ধরে না রেখে আজ একাদশে একটি পরিবর্তন এনেছে তারা। আগের ম্যাচে ৬ বলে ৬ রান করা জিয়াউর রহমানকে একাদশের বাইরে রাখা হয়েছে। তার জায়গায় দলে অন্তর্ভুক্ত করা হয়েছে ইংলিশ উইকেটরক্ষক ব্যাটার ম্যাথু রসিংটন-কে। আজই তার দলে যোগ দেওয়ার খবর নিশ্চিত করেছে ফ্র্যাঞ্চাইজিটি।
রংপুরের শক্তির জায়গা
কাগজে-কলমে এবারের আসরের অন্যতম সেরা দল রংপুর। তাদের টপ অর্ডারে রয়েছেন দাওভিদ মালান, লিটন দাস ও তাওহীদ হৃদয়ের মতো বিধ্বংসী ব্যাটাররা। মিডল অর্ডারে ঝড় তোলার জন্য আছেন খুশদিল শাহ ও অধিনায়ক সোহান। আর ফিনিশিং ও পাওয়ার হিটিংয়ের দায়িত্বে থাকছেন অভিজ্ঞ মাহমুদউল্লাহ রিয়াদ ও ফাহিম আশরাফ। বোলিংয়ে কাটার মাস্টার মোস্তাফিজুর রহমানের সঙ্গে আছেন তরুণ পেসার নাহিদ রানা ও স্পিনার সুফিয়ান মুকিম।
দুই দলের চূড়ান্ত একাদশ
চট্টগ্রাম রয়্যালস:
নাইম শেখ, মাহমুদুল হাসান জয়, মির্জা তাহির বেগ, মাসুদ গুরবাজ, মাহফিজুল ইসলাম, ম্যাথু রসিংটন (উইকেটরক্ষক), শেখ মেহেদী, আবু হায়দার রনি, শরিফুল ইসলাম, তানভীর ইসলাম ও মুকিদুল ইসলাম মুগ্ধ।
রংপুর রাইডার্স:
দাওভিদ মালান, লিটন দাস, তাওহীদ হৃদয়, মাহমুদউল্লাহ রিয়াদ, খুশদিল শাহ, নুরুল হাসান সোহান (অধিনায়ক ও উইকেটরক্ষক), ফাহিম আশরাফ, মোস্তাফিজুর রহমান, সুফিয়ান মুকিম, আলিস আল ইসলাম ও নাহিদ রানা।
প্রতিবেদক
ক্রীড়া প্রতিবেদক





